২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ১৭ আগস্ট বোমা হামলা মামলার রায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

গাইবান্ধায় ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- গাইবান্ধা শহরের ব্রিজ রোডের এনামুল হকের ছেলে আল্লাহ দলের নেতা মতিন মেহেদী ওরফে তারকা মতিন, ফুলছড়ির উড়িয়া গ্রামের আব্দুল আজিজ, জেএমবি’র জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও এহসার সদস্য জিয়াউর রহমান ওরফে বাদল এবং সাঘাটার হাসিলকান্দি গ্রামের জেএমবির এহসার সদস্য আব্দুল কাইয়ুম ওরফে কামাল।

দন্ডপ্রাপ্তদের মধ্যে মতিন মেহেদী ও আব্দুল আজিজ পলাতক রয়েছে।

২০০৫ সালের ১৭ আগস্ট শহরের জজ আদালত প্রাঙ্গণে চারটি এবং বাস টার্মিনাল, পৌর পার্ক ও রেল স্টেশনে তিনটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়।

পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে চলতি বছরের জানুয়ারি মাসে জিয়াউর রহমান ও আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে। পরে পুলিশ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় একটি মামলা দায়ের করে।

সদর থানার তৎকালীন এসআই মাসুদ রানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলমকে প্রথমে মামলার তদন্তভার দেওয়া হয়। সর্বশেষ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী তদন্ত শেষে ১৪ মে দন্ডিত চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিল করেন।

মামলায় প্রত্যক্ষ স্বাক্ষী গাইবান্ধার সহকারী রেল স্টেশন মাস্টারসহ ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

শুনানী ও স্বাক্ষ্য গ্রহন শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়।

আদালতে সরকার পক্ষে অ্যাড. জাহাঙ্গীর আলম জিন্নাহ ও রাষ্ট্র পক্ষে অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু মামলা পরিচালনা করেন।