বাগেরহাটে ক্রসফায়ারে নিহত চরমপন্থীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও প্রচারপত্র উদ্ধার
বাগেরহাটের রামপালে ‘ক্রসফায়ারে’ নিহত চরমপন্থি হাকিমের বাড়ি থেকে পুলিশ বুধবার রাতে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র এবং নিষিদ্ধ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) কিছু ছাপানো প্রচারপত্র উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার সোনাতুনিয়া জুনিয়র বালিকা বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত ওই বাড়ির উঠোনের খড়ের গাদা থেকে পুলিশ তিন রাউণ্ড গুলিসহ একটি বন্দুক, ১১টি পোস্টার, ২৫টি লিফলেট এবং ২০টি প্যাড উদ্ধার করে।
এ ব্যাপারে রামপাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোস্তফা কামাল বিডিনিউজকে জানান, কয়েকদিন ধরে কিছু অচেনা মানুষ ওই বাড়িটিতে যাতায়াত করছিল। এ খবর পেয়েই ফয়লা ক্যাম্পের পুলিশ বুধবার রাতে সেখানে অভিযান চালায়।
পরিত্যক্ত ওই বাড়িটির মালিক রাশেদ শেখের পুত্র ও জনযুদ্ধ ক্যাডার হাকিম ২০০৪ সালে পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়।
