আন্ত:মন্ত্রণালয় সভায় গণপূর্তের ৯৫১ জন কর্মীর চাকরি নিয়মিত করার সিদ্ধান্ত
সংস্থাপন মন্ত্রণালয়ের আন্ত:মন্ত্রণালয় সভায় বৃহস্পতিবার ১৯৮৬ সালের আগে নিয়োগপ্রাপ্ত গণপূর্ত অধিদপ্তরের ৯৫১ জন কার্যভিত্তিক ও কন্টিনজেন্সি কর্মচারির চাকরি নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের সাত হাজার কার্যভিত্তিক ও কন্টিনজেন্সি কর্মচারির বেতন - ভাতা আগামী এক বছরের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আগামী সপ্তাহের মধ্যেই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে সূত্র জানিয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুরের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় ৫ দফা দাবিতে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের সাথে সরকারের স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, সভায় চুক্তির শর্ত বাস্তবায়নের বিষয়ে কর্মচারি সমন্বয় পরিষদের নেতাদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়াও সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রায় ৬০ হাজার কর্মচারি এবং অন্যান্য অধিদপ্তর ও বিভাগের কার্যভিত্তিক ও কন্টিনজেন্সি কর্মীদের ব্যাপারে সরকার অচিরেই সিদ্ধান্ত নেবে বলে সভায় জানানো হয়।
বৈঠকে উপস্থিত কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল মান্নান বিডিনিউজকে জানান, কর্মচারিদের ৫ দফা দাবির বিষয়ে সরকারের আন্তরিকতার বহি:প্রকাশ হিসেবে প্রাথমিকভাবে এসব কর্মীকে নিয়মিত করার সিদ্ধান্ত নেয়। এসব কর্মী এখন থেকে তাদের চাকরির মেয়াদ শেষে প্রাপ্য পেনশনের সুবিধা লাভ করবেন।
তিনি জানান, সরকার ইতোমধ্যে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত উন্নয়ন প্রকল্পের প্রায় ৪৫ হাজার কর্মীর চাকরি নিয়মিত করেছে। অন্য বিভাগ ও অধিদপ্তরের কর্মীদের ব্যাপারেও অচিরেই সিদ্ধান্ত হতে পারে।
আন্দোলনরত সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের ৫ দফা দাবির বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বাসায় দুপক্ষের দীর্ঘ আলোচনা শেষে গত ৪ আগস্ট একটি চুক্তি স্বাক্ষর হয়। এতে সরকারের পক্ষে গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও শ্রম প্রতিমন্ত্রী আমানউল¬াহ আমান এবং সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি আব্দুল মান্নান ও মহাসচিব সালেহউদ্দিন সেলিম স্বাক্ষর করেন।
এসব দাবি বাস্তবায়নে সমন্বয় পরিষদের নেতারা ৩০ আগস্ট সংস্থাপন সচিবের সাথে সাক্ষাত করেন।
