মন্ত্রিপরিষদ সচিবের চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ, নবায়ন বা নতুন নিয়োগ হয়নি
জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদ মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে।
তবে বৃহস্পতিবার পর্যন্ত সচিব আব্দুল হালিমের মেয়াদ বৃদ্ধি বা নতুন কাউকে ওই পদে নিয়োগ হয়নি।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় ও দলীয় কাজে ঢাকার বাইরে থাকায় মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগের কোনো সারসংক্ষেপও তার কার্যালয়ে পাঠানো হয়নি।
আগামী রোববার এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সিদ্ধান্তের প্রেক্ষিতে সারসংক্ষেপ পাঠানো হতে পারে।
এদিকে মন্ত্রিপরিষদ সচিবের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সচিবালয়ে নতুন নিয়োগ নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা গেছে।
একাধিক সূত্র জানিয়েছে, জামালপুর থেকে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিমের মনোনয়ন পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পরেছে। ফলে তাকেই আবারো সংক্ষিপ্ত মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে।
তবে তার নতুন চুক্তি না হলে এক্ষেত্রে মন্ত্রিপরিষদ সচিবের পাশাপাশি জনপ্রসাশনের সচিব পদে ব্যাপক রদবদল হতে পারে।
