নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতি, আহত ১০, আটক ২
নারায়ণগঞ্জের বন্দর থানার দাসের গায়ে মঙ্গলবার রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে মিজানুর রহমান (২৮), বিল্লাল (৬০), পীর হোসেন (২৪), জাহাঙ্গীর (২৫), আলেয়া (২৭) ও শওকত (৫৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর।
পুলিশ এলাকাবাসি জানায়, গতকাল গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল অতর্কিতে হামলা চালায়। ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করলে তারা গ্রামবাসীকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে।
এ ঘটনায়, পুলিশ খাজা (১৫) ও ইদ্রিস (৪০) নামে দু’ ব্যক্তিকে আটক ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা হয়েছে।
থানার ওসি গোলাম মোস্তাফা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত বাকীদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
