ধর্ষণের অভিযোগে লালমনিরহাট সীমান্তে বিডিআর জওয়ান গ্রেপ্তার, জড়িতদের ক্লোজ
লালমনিরহাটের জাওরানী সীমান্তে এক স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় রফিকুল ইসলাম রফিক নামে এক বিডিআর জওয়ানকে গ্রেপ্তার ও সংশ্লিষ্ট ক্যাম্পের দোষী সদস্যদের ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় পুরো হাতিবান্ধা ও কালীগঞ্জের সীমান্ত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী, ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী জানান, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি স্কুলের ছাত্রী (১৪) মঙ্গলবার বিকেলে জাওরানী সীমান্ত এলাকার তার এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে জাওরানী বিডিআর ক্যাম্পের জওয়ান রফিকুল ইসলাম রফিক মেয়েটিকে জোর করে বোতলা গ্রামের আব্দুল ওহাবের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে বাড়ির মালিক ঘটনাটি জানতে পেরে তিনি এর প্রতিবাদ জানান। তার চিৎকারে প্রতিবেশী ও পথচারীরা ছুটে এসে রফিককে আটক করে।
খবর পেয়ে জাওরানী বিডিআর ক্যাম্পের একটি দল রাত আনুমানিক সাড়ে ১০টায় বোতলা গ্রামে এসে গুলি ছোঁড়ার ভয় দেখিয়ে বিক্ষুদ্ধ জনতার হাতে আটক রফিককে ছিনিয়ে নিয়ে যায়। তারা বাড়ির মালিক ও প্রত্যক্ষদর্শী ওহাবের কাছ থেকে জোর করে ধর্ষণের কোন ঘটনা ঘটেনি এ মর্মে লিখিত নেওয়ার চেষ্টা করে।
বিডিআরের এ ধরনের তৎপরতা ঠেকাতে সারারাত এলাকার শত শত নারী পুরুষ ওহাবের বাড়িতে অবস্থান নেয়। বুধবার সকাল থেকে তারা এ ঘটনার প্রতিবাদ ও দোষী বিডিআরদের শাস্তির দাবিতে ওহাবের বাড়ি, চন্দ্রপুর ও ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে বিডিআর ক্যাম্প ঘেরাও করে।
খবর পেয়ে লালমনিরহাট ১৯ রাইফেল্স ব্যাটালিয়নের উপ - অধিনায়ক ক্যাপ্টেন সফিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতা, ধর্ষিতা ছাত্রীসহ তার পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। এতে দোষী বিডিআর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুবিচারের নিশ্চয়তা দিলে পরিস্থিতি কিছুটা শান্ত— হয়।
উপ-অধিনায়ক ক্যাপ্টেন জামান সাংবাদিকদের জানান, রফিকুল ইসলামকে গ্রেফতার এবং ওই ক্যাম্পের অন্যান্য দোষী সদস্যদের লালমনিরহাট সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে বিডিআর - এর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
