নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়ায় বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত, তদন্তকারী কর্মকর্তাকে কঠোর শাস্তি দিতে সরকারকে নির্দেশ
একটি হত্যা মামলায় উদ্দেশ্যমূলকভাবে নির্দোষ শাহ আলম বাবুকে ‘সুন্দর বাবু’ উল্লেখ করে দন্ডাদেশ দেওয়ায় মঙ্গলবার বিচারক শামসুল আলম খানের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সাথে নির্দোষ শাহ আলমকে দ্রুত মুক্তিরও নির্দেশ দেওয়া হয়েছে ।
এ ছাড়া তদন্তে ন্যুনতম সাক্ষ্য - প্রমাণ না থাকা সত্ত্বেও শাহ আলম বাবুকে চার্জশিটভূক্ত করায় মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিমকে কঠোর শাস্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. ঈমান আলী ও বিচারপতি এ.কে এম ফজলুর রহমান সমন্বয়ে গঠিত ডেথ রেফারেন্স বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে গাজী লিয়াকত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপীলের ওপর এ রায় দেন। রায়ে মামলার মূল আসামি সুন্দর বাবুকে বিচারের মুখোমুখি করতে বলা হয়েছে।
আদেশে নিু আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে শহীদ জাবেদ গইরার ফাঁসির আদেশ বহাল রাখা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর আসামি ইসমাইল মোল্লা অনেক আগেই কারাগারে মারা যান। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি শাহজাহান, ইউনুস মোল্লা, শাহাদাত, মন্টু ও শামীমের মধ্যে ইউনুস মোল্লাকে খালাস দিয়ে অন্যদের সাজা বহাল রাখা হয়।
১৯৯৮ সালের ১৪ মার্চ পুরনো ঢাকার গাজী লিয়াকত হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় লিয়াকত হোসেনের স্ত্রী রোকেয়া বেগম ১১ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্তকালে বাদি এ মামলার মূল আসামি সুন্দর বাবুর সঠিক ঠিকানা উল্লেখ করলেও তদন্তকারী কর্মকর্তা সুন্দর বাবুর স্থলে শাহ আলম বাবুর ঠিকানা ব্যবহার করে বার বার তাকে গ্রেপ্তার করতে যায়। শাহ আলম বাবু একথা জানিয়ে আদালতে হাজির হলেও আদালত তা বিবেচনায় না নিয়ে ২০০৪ সালের ১৮ আগস্ট তাকে মৃত্যুদন্ডাদেশ দিয়ে রায় দেন। বাঘের একমাস আগে থেকেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
শাহ আলম বাবুর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ এম রেজাউল করিম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ফাহিমা নাসরিন ও সহকারী এটর্নি জেনারেল জামিল আকতার এলাহী।
প্রসঙ্গত ‘সুন্দর বাবুর জায়গায় শাহ আলম বাবুর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে জেল খাটছে’ পত্র পত্রিকায় এ বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ার পর মানবাধিকার বাস্তবায়ন সংস্থা তা আদালতের দৃষ্টিতে আনে। আদালত তখন বিষয়টি নিয়ে রুল জারি করেন।
