২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভিজিএফ কার্ডের চাল বিতরণ সোমবার শুরু হয়েছে

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর তত্ত্ববধানে ভিজিএফ কার্ডের চাল বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সারা দেশে ৭৫ লাখ ৯২ হাজার ৫০০ পরিবার এই ভিজিএফ কার্ডের সুবিধা পাবেন। প্রতি ভিজিএফ কার্ডধারী মাসে ১০ কেজি করে তিন মাস চাল পাবেন। সোমবার ২২টি ইউনিয়নে এই কার্ডের প্রথম কিস্তির চাল বিতরণ করা হয়।

তবে এই চাল বিতরণের পাশাপাশি মুন্সীগঞ্জ সদরের প্রত্যন্ত অঞ্চল আধারিয়া ইউনিয়নের চিতলিয়া বাজারে ভিন্ন চিত্রও দেখা গেছে। সেখানে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল চাল নিতে আসা অসহায় অর্ধশতাধিক মানুষকে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন। ওষুধ পেয়ে বকচরের বৃদ্ধা তহুরা বেগম ও সৈয়দপুরের মরিয়ম ইদ্রিস ছৈয়াল চাল পাওয়ার চেয়ে বেশি খুশি হয়েছেন চিকিৎসা সেবা পেয়ে।

সেনাবাহিনীর এই কর্যক্রমের মুন্সীগঞ্জ জেলার প্রধান লে. কর্ণেল শাহ্ নুর জিলানী, পিএসপি (৩৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) সোমবার ভিজিএফ কার্ডের চাল বিতরণের বিভিন্ন স্থান ঘুরে জানান, সুষ্ঠু, সুশৃংখলভাবে এবং সঠিক ওজনে দুস্থ মানুষের মাঝে চাল পৌঁছে দিতে আমাদের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। একই সাথে আমাদের নিজস্ব চিকিৎসক এবং মেডিকেল টিম এই কার্ডধারীদের চিকিৎসা সেবা ও সাধ্য অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে। কারণ বঞ্চিত মানুষগুলো নানা অবহেলার কারণেই সুচিকিৎসা পায় না। যেহেতু তারা এই চাল নিতে আসছেন, এই সুযোগে তাদের স্বাস্থ্যের বিষয়টিও নিশ্চিত করা হলো। জেলার ৬৭টি ইউনিয়নে এক হাজার ৫০০ করে প্রথম শ্রেণীর মুন্সীগঞ্জ পৌরসভায় দুই হাজার এবং মিরকাদিম পৌরসভায় এক হাজার ৫০০ করে মোট এক লাখ চার হাজার পরিবার এই সুবিধা পাচ্ছেন।

প্রসঙ্গত, গত বছর এই জেলায় প্রতি ইউনিয়নে ১০ হাজার করে এই কার্ডে ৬৯ হাজার ৫০০ পরিবার তিন মাস ভিজিএফ কার্ডের সুবিধা পেয়েছিলো।