২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের বিরুদ্ধে কিডনি চুরির অভিযোগে মামলা, শহরে চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়া শহরের স্বনামধন্য চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আবু সাইদের বিরুদ্ধে কিডনি চুরির অভিযোগে রোববার সদর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:08 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে জরুরি ভিত্তিতে অভিযোগ গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

জেলা শহরের মধ্যপাড়ার জনৈক হেবডু মিয়ার দায়ের করা এ মামলায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে ডা. আবু সাঈদ বিডিনিউজকে জানান, অভিযোগটি হাস্যকর। এভাবে কিডনী চুরি করে বিক্রি করা সম্ভব নয়।

তিনি মামলার পেছনে স্থানীয় ছাত্রদলের কতিপয় ক্যাডারকে অভিযুক্ত করে বলেন, ‘ছাত্রদল নামধারী কিছু ক্যাডার আমার কাছে চাঁদা দাবী করেছিল। চাঁদা না দেয়ায় আমার সুনাম নষ্ট করতে তারা মিথ্যা এবং হয়রানীমূলক মামলা করেছে।’

আদালতে হেবডু মিয়ার দায়ের করা আবেদনে বলা হয়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাহমুদপুরের বাসিন্দা তার আত্মীয় নাসিরউদ্দিন চৌধুরী ২০০৫ সালের ১১ এপ্রিল ডা: আবু সাঈদের ক্লিনিকে চিকিৎসার জন্যে নিয়ে যান। ডা: সাঈদ তাকে পরীক্ষা-নিরীক্ষা করে বাম কিডনিতে পাথর থাকার কথা বলে অস্ত্রোপচারের পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একই বছরের ১৮ এপ্রিল ডাঃ সাঈদ নাসিরের শরীরে অস্ত্রোপচার করেন এবং ২৫ এপ্রিল তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়।

এতে আরো অভিযোগ করা হয়, নাসিরের অস্ত্রোপচারকালে হাসপাতালের সামনে একটি পাজেরো গাড়িতে কালো চশমাপরা ৪/৫ জন অজ্ঞাত লোক বসা ছিল। অস্ত্রোপচারের পরই হাসপাতালের লোকজন দ্রুত ওই গাড়ীর কাছে যায় এবং তাদের সাথে কথা বলার পরপরই গাড়িটি চলে যায়।

আর্জিতে বলা হয়, অপারেশনের পর সুস্থ হয়ে নাসির উদ্দিন একই বছরের ২১ জুলাই সৌদি আরবে চলে যান। সেখানে তিনি আবারের অসুস্থ হয়ে পড়লে দেশে ফিরে আসেন। পরে ঢাকাসহ বিভিন্ন স্থানের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তার একটি কিডনি নেই।

বাদীপক্ষের ধারণা, অস্ত্রোপচারের সময় ডাঃ সাঈদ কিডনী চুরি করে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির লোকজনের কাছে বিক্রি করে দিয়েছেন।