২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১০ চরমপন্থি গ্রেপ্তার: এদের তিনজন যুবদল ও কৃষকদল নেতা!

সাতক্ষীরায় পৃথক দুটি অভিযান চালিয়ে পুলিশ চরমপন্থি দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে। শহরের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাত ৯ টায় সাতজন ও শুক্রবার ভোরে তালা উপজেলার শাহপুর গ্রাম থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

গ্রেপ্তারকৃত তিনজন নিজেদের যুবদল ও কৃষক দলের নেতা বলে দাবি করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা শহর থেকে তালা উপজেলার দোহার গ্রামের আব্দুস সাত্তার (৩২), মুড়োগাচা গ্রামের আব্দুল আলীম (৩১), শাহপুর গ্রামের লুৎফর রহমান (৩৫), আক্তারুজ্জামান লিঙ্কন (২৭), হরিহর নগর গ্রামের বাবু সরদার (২৬), সাতক্ষীরা শহরের পলাম পোলের বাবুল গাজী (৩৩) ও কামরুজ্জামান সীনা (১৯) এবং তালা উপজেলা শাহপুর থেকে একই গ্রামের আব্দুল আলী গাজী (২৯), হোসেন আলী গাজী (৫০) এবং উজির আলী মোড়ল (২২)।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শাহজাহান জানান, প্রথম সাতজন সাতক্ষীরা শহরের মুনজিতপুরের কলেজ শিক্ষক শফিকুজ্জামানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পাঁচ মাস ধরে বসবাস করছিলেন। তারা সাতক্ষীরার বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদীর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত লুৎফর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার ভোরে তালার শাহপুর গ্রাম থেকে আরও তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।

দেলোয়ার হোসেন সাঈদী জানান, গ্রেপ্তারকৃতরা পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধের) সক্রিয় সদস্য। এদের মধ্যে সাতজন পুলিশের তারিলকাভুক্ত সন্ত্রাসী। এদের বিরুদ্ধে সাতক্ষীরার আশাশুনি ও তালা থানায় হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এদিকে গ্রেপ্তারকৃত সাত্তার সরদার জানান, তিনি তালার খেসরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। লুৎফর রহমান জানান, তিনি জেলা যুবদলের সদস্য ও তালা উপজেলা যুবদলের সহ-সভাপতি। আব্দুল আলীম জানান, তিনি খেসরা ইউনিয়ন যুবদলের সদস্য। তবে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু হাসান হাদী লুৎফর রহমান ও আব্দুল আলীম যুবদলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শাহজাহান জানান, এ ব্যাপারে তালা উপজেলার কানাইদয়া গ্রামের একেএম ইসমাইল বাদি হয়ে প্রথম সাতজনের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা এসআই খালিদ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন। আদালত আগামী রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠিয়েছে।