যশোরে আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে শনিবার অর্ধদিবস হরতাল
যশোরের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান টিটোর উপর হামলার প্রতিবাদে আওয়ামী লীগ নেতারা শনিবার অর্ধদিবস হরতাল আহবান করেছেন।
শুক্রবার সকালে যশোরবাসীর ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শনিবার দুপুর ২টা পর্যন্ত এই হরতাল আহবান করা হয়। এদিকে পুলিশ হামলার সাথে জড়িত সন্দেহে উপল নামে এক যুবককে আটক করেছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি। সারা শহরে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মিছিলে টিটোর সমর্থকরা হামলার প্রতিবাদে শ্লোগান দেন এবং হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানান।
তবে মিছিল সমাবেশে যশোর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কোন নেতাকে দেখা যায়নি। পৌর চেয়ারম্যান কামরুজ্জামান চুন্নু ও যুবলীগ সাধারণ সম্পাদক রেন্টু চারকলাদার মিছিলে নেতৃত্ব দেন।
জেলা আওয়ামী লীগের সম্পাদক শাহীন চাকলাদার জানান, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপির সন্ত্রাসীরাই এ হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে উপুর্যপরি কুপিয়ে জখম করে। তার মাথায় নয়টি ও শরীরে অন্যান্য স্থানে আরও কয়েকটি সেলাই লাগে।
টিটোকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে প্রাইভেট কুইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা এখনও আশংকাজনক বলে জানা গেছে।
