মুন্সীগঞ্জে পুলিশের নির্যাতনে আসামির মৃত্যু?
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাঙ্গাবালিয়া গ্রামে মঙ্গলবার রাতে পুলিশের নির্যাতনে মনির হোসোনের (৩৪) মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসীরা বিডিনিউজকে জানায়, সিরাজদিখান থানার দারোগা নুরুল আখলাকসহ চার পুলিশ সদস্য রাতে মনিরকে গ্রেপ্তার করতে রাঙ্গাবালিয়া গ্রামে যায়। এ সময় পুলিশ তাকে বেদম মারপিট করলে এক পর্যায়ে সে মরে গেলে লাশ ফেলে রেখেই পুলিশ চলে গেছে বলে অভিযোগে করা হয়।
এ ব্যাপারে বিডিনিউজের প্রতিনিধি দারোগা নুরুল আখলাকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘রাতে মনির হোসেনকে গ্রেপ্তার করতে গিয়ে দেখা যায়, সে নেশায় আসক্ত এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সে প্রায়ই নেশা করে অজ্ঞান হয়ে পড়ে থাকে বলে আশেপাশের লোকজন জানায়। তাই তাকে গ্রেপ্তার না করে হাসপাতালে ভর্তির জন্য বলে চলে আসি।’
এদিকে বুধবার ভোরে এলাকার বিক্ষুব্ধ লোকজন থানায় এর বিচার দাবি করে। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এই মৃত্যুর জন্য পুলিশ দায়ী নন দাবি করে স্বাভাবিক মৃত্যু দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে বলে দারোগা নুরুল আখলাক বুধবার সকাল সাড়ে ১১ টায় বিডিনিউজকে জানান।
মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব লতিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি ঘটনাস্থলের পথে রয়েছি : না পৌঁছে কিছু বলতে পারবো না’।
সিরাজদিখান থানা সূত্র জানায়, প্রতিবেশী সেলিনা বেগমকে (৩৫) বল্লম দিয়ে আঘাত করার ঘটনায় মনির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার একটি মামলা রুজু হয়।
