রাজবাড়ীতে ১৭ আগস্ট বোমা হামলা মামলায় সাজাপ্রাপ্ত ২ জেএমবি সদস্যের আত্মসমর্পণ
রাজবাড়ীতে সিরিজ বোমা হামলা মামলায় সাজাপ্রাপ্ত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্য সোমবার বিকেলে জেলা আদালতে আত্মসমর্পণ করেছে।
এরা হলেন গোলাম মওলা ও ফারুক হোসেন মোল্লা।
জানা গেছে, ১৭ আগস্ট বোমা হামলার পর থেকে এরা পলাতক ছিলেন। সোমবার দুজনই বিশেষ ট্রাইব্যুনাল জজ মো. শহিদুল্লাহ বকাউলের আদালতে আত্মসমর্পণ করলে আদালত উভয়কে কারাগারে পাঠিয়ে দেন।
২০০৫ সালের ১৭ আগস্ট রাজবাড়ীর চয়টি স্থানে বোমা বিস্ফোরণের দায়ে জেএমবির ১৩ সদস্যের প্রত্যেককে ১০ বছর ধরে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। পাঁচ আসামীর উপস্থিতি ও আট আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
পলাতক অন্যরা হলেন আরিফ, ওমর ফারুক, মো. বেল্লাল, মামুন, মুফতি আব্দুর রব ফরাজি এবং তোফাজ্জল হোসেন।
