সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত
সাতক্ষীরার লক্ষীবাড়ি সীমান্তের বিপরীতে ভারতের খোজাডাঙা সীমান্তের কালিবাড়ি নামক স্থানে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী নিহত এবং অপর একজন আহত হয়েছে।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, গরু ব্যবসায়ীদের ১০/১২ জনের একটি দল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভারত থেকে গরু নিয়ে ভারতের বসিরহাট মহকুমার খোজাডাঙা নামক স্থানে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালায়। এতে গরু ব্যবসায়ীদের একজন ঘটনাস্থলে নিহত এবং অপরজন আহত হয়।
নিহতের পরিচয় জানা যায়নি। আহত গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম (২২) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালি এলাকার বাসিন্দা।
এদিকে সোমবার রাত ১০ টার দিকে কোনও কারণ ছাড়াই বিএসএফ বসিরহাট মহকুমার পাকিরডাঙা সীমান্ত থেকে গুলি চালায়। সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিডিআরও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষে প্রায় ২০ মিনিট ধরে গুলি বিনিময় হয় বলে সীমান্তবর্তী গ্রামবাসীরা জানান।
সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের মেজর হুমায়ুন কবীর গুলি বিনিময়ের ঘটনা স্বীকার করে বলেন, বিএসএফ এক রাউন্ড ও বিডিআর দু রাউন্ড গুলি ছুঁড়েছে। এতে ভারতের ভেতরে কেউ হতাহত হয়েছে কি না সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। তবে বাংলাদেশের একজন আহত হয়েছে বলে তিনি জানান।
