উত্তরায় নৌ কর্মকর্তা হত্যাকান্ডে অভিযুক্ত বিএনপি নেতাকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর
রাজধানীর উত্তরায় অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাকে খুনের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা মোস্তফা জামানকে সোমবার সকালে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার রাতে তার সমর্থকরা কয়েক দফায় উত্তরা থানা ঘেরাও করার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
হস্তান্তরের পর অভিযুক্ত জামানকে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়।
এদিকে আজ সোমবারও অভিযুক্ত বিএনপি নেতাকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা উত্তরা থানা ঘেরাও করে।
নিহত নৌ কর্মকর্তা মঈনের ছেলে মেজর রুবেল বিএনপি উত্তরা শাখার যুগ্মসচিব ও হরিরামপুর ৬ ওর্য়াডের সদস্য মোস্তফা জামান, আনোয়ার, মনির এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা করেন।
জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ মঈন আহমদকে (৬০) খুনের পর থেকে আনোয়ার হোসেন এবং ঝুট ব্যবসায়ী মনিরুল ইসলাম আলী ওরফে মনির খান পালিয়ে বেড়াচ্ছে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) জানান, অভিযুক্তদের ধরার জন্য তারা অভিযান চালাচ্ছেন।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিবাদের কারণে নৌ কর্মকর্তা মঈন আহমেদ বেশকিছু সাধারণ ডায়েরি (জিডি) করায় তাকে হত্যা করা হয়। তারা জানান, ১৯ শে আগস্ট তারা তাকে মৃত্যুর হুমকি দেয় এবং একদিন পরই তিনি খুন হন।
উত্তরা থানা পুলিশ জানায়, শনিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা জানালার গ্রিল কেটে তার শয়নকক্ষে ঢুকে নৌ কর্মকর্তাকে হত্যা করে।
