গাজীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামে শনিবার রাতে ডাকাতিকালে জনতা এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার পর্যন্ত নিহত ওই ডাকাতের (৩৫) পরিচয় পাওয়া যায়নি। ডাকাতদের দায়ের কোপে সালেকা (২৬) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের হাফপ্যান্ট পরা ডাকাত দলটি শৈলডুবি গ্রামের সুলতান মিয়ার বাড়িতে ঢুকে। তারা দরজা ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করলে বাড়ির লোকজন হৈচৈ ও কান্নাকাটি শুরু করে। এ সময় ডাকাতরা সুলতান মিয়ার পুত্রবধূ সালেকা বেগমের মাথায় দা দিয়ে কোপ দেয়। হৈচৈ শুনে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে ডাকাতরা দুটি ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় গ্রামবাসীদের ধাওয়ায় এক ডাকাত হোঁচট খেয়ে পড়ে যায়। পরে গ্রামবাসীর বেদম প্রহারে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গ্রামবাসী জানায়, গাজীপুর সদর ও আশুলিয়া থানার সীমান্তবর্তী ওই গ্রামে ইদানিং ডাকাতদের অত্যাচার বেড়ে গেছে।
এ ঘটনায় কাশিমপুর ইউনিয়নের চৌকিদার বাদী হয়ে হত্যা এবং সুলতান মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় ডাকাতি মামলা করেছে।
