বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা, ৩ শিশু নিহত
দেশের বিভিন্ন স্থানে শনিবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনটি শিশু নিহত হয়। এছাড়া সড়ক দুর্ঘটনার জের ধরে কোথাও কোথাও সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ পালিত হয়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ প্রতিনিধিরা এ সব তথ্য জানান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা ধীনগরে বিকালে একটি দ্রুতগামী ট্রাকের (চাঁপাই ট- ৪৮৪৮) চাকায় পিষ্ট হয়ে শিশু তানভীরের মৃত্যু হয়। নিহত তানভীর ধীনগরের নজরুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় সকাল ১০ টার দিকে একটি ইঞ্জিন ভ্যানের ধাক্কায় রিয়া (৩) নামে এক শিশু নিহত হয়। মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় যশোর - সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাবাসী যশোর - সাতক্ষীরা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং ইঞ্জিন ভ্যানটি পুড়িয়ে দেয় ।
নিহত শিশুর পিতার নাম আনন্দ কুমার। তাদের বাড়ি সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের ওয়ারিয়া নামক স্থানে।
বরগুনা প্রতিনিধি জানান, মোটর সাইকেল চালককে বাসচাপা দেওয়ার অভিযোগে বরগুনা শহরে সকালে তাৎক্ষণিকভাবে উত্তেজিত মোটর সাইকেল চালকরা বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবেব সামনে সমাবেশ করে। বাস মালিক ও শ্রমিকদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে।
দুর্ঘটনায় আহত মোটর সাইকেল চালক আবু হানিফ (২৬) বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা সদরের দক্ষিণ থানাধীন জাঙ্গালিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে সৈকত (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকাল ৩ টায় জাঙ্গালিয়ায় রাস্তা পারাপারের সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (নং-২৮২১) চাকায় পিষ্ট হয়ে সৈকত ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করে।
নিহত সৈকত সদর দক্ষিণ থানাধীন সুলতানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় বিদ্যুত উন্নয়ন বোর্ড স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
