এখনই ৩৬১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব
শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উৎপাদন ক্ষমতা আরো কমপক্ষে ৩৬১ মেগাওয়াট বাড়ানো সম্ভব। এতে বর্তমানে এক হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুতের সংকট কিছুটা কমতে পারে। কিন্তু সিদ্ধান্তহীনতা, বিলম্বিত সিদ্ধান্ত ও সঠিক কাজের লোককে দায়িত্ব না দেওয়ায় এ উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ জাতীয় বিদ্যুত শ্রমিক কর্মচারি ইউনিয়ন (সিবিএ) শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সিবিএ বর্তমানে ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শ্রমিক দল ও সিবিএ-র সাধারণ সম্পাদক জাফরুল হাসান।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল হালিম, সহ-সভাপতি আব্দুল¬াহ হারুন আখঞ্জী, মোশাররফ হোসেন খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ মহসীন ও সাধারণ সম্পাদক কাজী মফিজুল আলম প্রমুখ।
জাফরুল হাসান বলেন, পিডিবির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় মোট পাঁচ হাজার ৫৪ জনের জায়গায় কর্মরত আছেন মাত্র তিন হাজার জন। বাকী দুই হাজার পদই বর্তমানে শুণ্য। এসব পদে দীর্ঘ এক যুগ ধরে নিয়োগ বন্ধ রয়েছে।
তিনি জানান, মেরামত ও প্রয়োজনীয় দক্ষ লোকবল থাকলে দুই মাসের মধ্যে সিদ্ধিরগঞ্জের ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের আরো ১০ মেগাওয়াট, কাপ্তাই কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে ৫০ মেগাওয়াট, শিকলবাহা কেন্দ্রের ১০ মেগাওয়াট, শাহাজীবাজারের তিনটি ইউনিটে ৩০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জে আরো ১৫ মেগাওয়াট, আশুগঞ্জে আরো ৭০ মেগাওয়াট, খুলনা বিদ্যুৎ কেন্দ্রে ৪৫ মেগাওয়াট, ভেড়ামারায় আরো ২০ মেগাওয়াট এবং বাঘাবাড়িতে আরো ৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব।
