বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনা অভিযান, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমের দুর্গম পাহাড়ে সেনা সদস্যরা অভিযান চালিয়ে একটি সশস্ত্র গ্র“পের আস্তানা থেকে একে - ৪৭, এম - ১৬ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে সেনা সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে মিরিঞ্জা পাহাড়ের মেনছিরি পাড়ায় অভিযান চালায়। সেনা উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গ্র“পটি পালিয়ে যায়। পরে তাদের আস্তানা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে, তিনটি একে - ৪৭ রাইফেল, চারটি ম্যাগজিন, দুটি এম - ১৬ রাইফেল, ছয়টি রকেট লঞ্চার, দুটি এলএমজি, ৪০ এমএম রকেট লঞ্চারের গোলা ১১ টি এবং এম - ১৬ রাইফেল, এইচএমজি, এসএমজিসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্রের মোট ১২ হাজার ৭৫০ রাউন্ড গুলি। এ ছাড়া একই আস্তানা থেকে এসএমজির আটটি ম্যাগজিন, এসএমজির দুটি ড্রাম ম্যাগজিন, এম - ১৬ রাইফেলের সাতটি ম্যাগজিন, দুটি মাল্টি মিটারসহ বিভিন্ন ধরনের সামরিক সাজসরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ধ্বংস করে ফেলা হয় ওই আস্তানাটি।
এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদগুলো মিয়ানমারের গেরিলা গ্র“প ন্যাশনাল ইউনাইটেড ফ্রন্ট অব আরাকান (নুফা) এর।
এর আগেও বিভিন্ন সময় বান্দরবান - মায়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়িসহ বিভিন্ন দুর্গম এলাকা থেকে একাধিক বিদেশী গেরিলা গ্র“পের বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
