কিশোরগঞ্জে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের অস্টগ্রাম এবং হোসেনপুর উপজেলায় বৃহস্পতিবার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
মৃতরা হচ্ছে-শহিদের পুত্র সাকিব (৪), শাহজাহানের ছেলে মামুন (৪) হোসেনপুর উপজেলার দ্বীপেশ্বর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ইমন (১০) ও তোফাজ্জল হোসেনের ছেলে সিফাত (১১)। এদের মধ্যে সাকিব এবং মামুন মামাতো ফুফাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, অস্টগ্রাম উপজেলার একটি বাড়ির পাশের খালে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় সাকিব এবং মামুন গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
তাদের আত্মীয়--স্বজনরা লাশ উদ্ধার করে স্থানীয় অস্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এদিকে হোসেনপুর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদীতে শাপলা কুঁড়াতে গিয়ে ইমন এবং সিফাত পানিতে ডুবে মারা যায়।
