আলফাডাঙ্গায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, নিহত ১, আহত ১৫
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের চরপাঁচুরিয়া গ্রামে বুধবার বাড়ির সীমানা নিয়ে বিরোধের সালিশ চলাকালে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে মারাত্মকভাবে আহত হন আজাদ শেখ (৫২)।
গুরুতর আহত আজাদ শেখকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত ১৫ জনকে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে চরপাঁচুরিয়া গ্রামের কালু ও ইদ্রিসের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বসে। এসময় উভয়পক্ষে বাকবিতন্ডা শুরু হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে হতাহতের এ ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
