গাইবান্ধায় জেএমবি’র এক সদস্যের ১৭ বছর সশ্রম কারাদণ্ড
গাইবান্ধার বোনারপাড়ায় ট্রেন থেকে বোমাসহ গ্রেপ্তারকৃত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কমান্ডার আনিছুর রহমানকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
গাইবান্ধা স্পেশাল ট্রাইবুনালের সহকারী জেলা ও দায়রা আদালত - ১ এর বিচারক মো. আব্দুল রাজ্জাক মিয়া মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
রায়ে জঙ্গি আনিছুর রহমানকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমানের বাড়ি গাইবান্ধা সাঘাটা উপজেলার আব্দুল্যা পাড়ায়। তিনি জেএমবি’র একজন সক্রিয় সদস্য। অপর আসামি হারুন অর রশিদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় বলা হয়, ২০০৪ সালের ১২ নভেম্বর বোনারপাড়া রেলস্টেশনে ৪৮২ নং লোকাল ট্রেনের একটি বগি থেকে জিআরপি পুলিশ ২৪টি শক্তিশালী জিলেটিন বোমা ও ১৪৪টি ডেটোনেটরসহ আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তভার সিআইডি পুলিশের ওপর ন্যস্ত করার পর আনিছুর রহমানের জবানবন্দির ভিত্তিতে পুলিশ সাঘাটা উপজেলার বারকোণা গ্রামের হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে দুজনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়।
মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ২৫ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫/৩ ধারায় ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
এ ছাড়া দুটি ধারায় পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাস করে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
