১০ ভাগ বেতন বৃদ্ধির ঘোষণা প্রহসন মাত্র: মতবিনিময় সভায় শিক্ষক প্রতিনিধিরা
দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা ১০ ভাগ বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকারি শর্তারোপ প্রত্যাহার করার বিষয়ে অভিমত ব্যক্ত করেছেন।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বেসরকারি শিক্ষকদের বেতন ৯০ থেকে ১০০ ভাগে উন্নীত করার ঘোষণা একটি সরকারি প্রহসন মাত্র।
জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের উদ্যোগে বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বেসরকারি শিক্ষকরা এ কথা বলেন।
ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকার কামাল ব্যাপারী, হীরেন্দ্র নাথ, গাজীপুরের সুলতান আহমেদ, বরিশালে মজিবর রহমান, সোরহাব আলী, চট্টগ্রামের মহিউদ্দিন আহমেদ প্রমুখ শিক্ষক প্রতিনিধি বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে আসাদুল হক, আজিজুল ইসলাম, মো. আলী চৌধুরী, মাহবুব আলম তালুকদার, এম. আরজু প্রমুখ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
বেতন - ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় ২৫ হাজার বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা ভিত্তিক শিক্ষক কর্মচারি ফ্রন্টসহ শিক্ষকদের আরো কয়েকটি সংগঠন গত দেড় মাস ধরে আন্দোলন করে আসছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের শর্তসাপেক্ষে প্রধান দাবি মেনে নিয়ে মূল বেতন ১০ ভাগ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।
শিক্ষক প্রতিনিধিরা বলেন, সরকার বেতন ১০ ভাগ বৃদ্ধি করার ঘোষণা দিয়ে প্রতারণা করছে। সরকার পক্ষ বলছে, বন্ডের মাধ্যমে পর্যায়ক্রমে এই বেতন পরিশোধ করা হবে, কিন্তু কবে নাগাদ বন্ড পাওয়া যাবে, এসব বন্ড কবে ভাঙানো যাবে বা আদৌ ভাঙানো যাবে কি না, এ বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছুই বলেনি।
তারা বলেন, উপরন্তু সরকার আরো শর্ত দিয়েছে, ছাত্র বেতন সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে ভর্তি ও পরীক্ষার সময় ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোটেই ছাত্র বেতন পাওয়া যায় না।
তারা এই প্রেক্ষাপটে আন্দোলন জোরদার করার জন্য জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্টের নেতাদের প্রতি আহ্বান জানান।
