২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শীর্ষ সন্ত্রাসী ওবায়দুল্লাহ সহযোগীদের হাতে খুন: ৭ সহযোগীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ী মহল্লার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহিদুল্লাহ ওরফে ওবায়দুল্লাহ (৩৬) সহযোগীদের ছুরিকাঘাতে খুন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 03:19 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এ ব্যাপারে ৭ জনকে আসামী করে মঙ্গলবার ভোরে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত আবু তাহের (৫৫) কে গ্রেফতার করেছে।

থানা সূত্র জানায়, সাভারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট ওবায়দুল্লাহর সাথে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের কাছে মাদক বিক্রয়ের মোটা অংকের টাকা নিয়ে বিরোধ ছিল। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে টাকা দেবার কথা বলে সহযোগীরা তাকে বাড়ী থেকে ডেকে আমিনবাজারের বাগিচারটেক মন্দিরের পাশে নিয়ে যায়। এর পর থেকেই সে নিখোঁজ হয়। সোমবার সন্ধ্যায় আমিনবাজার এলাকার লোকজন তুরাগ নদীতে ওবায়দুল্লাহর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১০ দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নিহতের পিতা অজল হক বাদী হয়ে মঙ্গলবার সকালে সাভার থানায় তার সাত সহযোগী - জাহিদ, ওয়াকিল, মাসুদ, রহিম ড্রাইভার, আ. মালেক, মজিবুর রহমান ও আবু তাহেরকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফেরদৌস জানান, নিহত সন্ত্রাসী ওবায়দুল্লাহর শরীরে ৪০/৪৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দুদিন আগেই তাকে হত্যা করে নদীতে লাশ নদীতে ফেলে দিয়েছে  বলে তিনি জানান।

সাভারের একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ওবায়দুল্লাহ সাভারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা ও মাদক চোরাচালানসহ প্রায় আধা ডজন মামলা রয়েছে। এ ছাড়া র‌্যাবের তালিকায়ও তার নাম রয়েছে।

পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আসামী আবু তাহেরকে তার নিজ বাড়ী থেকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তাহের পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। আবু তাহের সাভার উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত আলম চাঁনের পুত্র।