গাজীপুর ও টঙ্গীতে তৈরী পোষাক কারখানার বিক্ষুব্ধ কর্মীদের সড়ক অবরোধ, জনদুর্ভোগ
বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সোমবার গার্মেন্টস কর্মীরা গাজীপুর ও টঙ্গী এলাকায় প্রায় তিন ঘন্টা ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অবরোধের ফলে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ তৈরী পোষাক কারখানার কর্মীরা তাদের ১০ দফা দাবি আদায়ে ঢাকা -- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর ও টঙ্গী এলাকায় রাজপথে নেমে আসে। তারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে; এ সময় পাঁচ / ছয়টি যানবাহন ভাংচুর হয়।
পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেলের বাসভবনে গিয়ে তার সাথে দেখা করে।
সাংসদ রাসেলের মধ্যস্থতায় তৈরী পোষাক কারখানার কর্মীরা অবরোধ তুলে নেয়।
এছাড়া গাজীপুর সদরে শিরিরচালা এলাকায় গোল্ডেন রিফিট’র শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ প্রদর্শন করে।
আন্দোলনকারী শ্রমিকরা বিডিনিউজকে জানান, তারা এখনো জুলাই মাসের বেতন -- ভাতা পাননি।
গেল্ডেন রিফিট’র ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন বিডিনিউজকে জানান, কারখানায় অডিট চলায় সময় মতো বেতন -- ভাতা প্রদান করা সম্ভব হয়নি। ১৭ আগস্ট তাদের বেতন দেওয়ার ঘোষণা দিলেও ওই কারখানারকর্মীরা তা মানতে চান না ।
এদিকে কোনাবাড়ির কাশিমপুর রোডের মেডিটেক্স ইন্ডস্ট্রিজের নিটিং বিভাগের শ্রমিকরা সোমবারও কাজে যোগ দেয়নি। ফলে ওই কারখানার নিটিং বিভাগ বন্ধ থাকে।
