২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে অবরোধ

জয়পুরহাট বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 01:40 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

লোড শেডিংয়ের নামে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ বিভাগের সকল অনিয়ম নিরসন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এ অবরোধ পালন করা হয়। এসময় রাস্তার দু’ পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগ পোহান যাত্রী সাধারণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে শহরের সকল দোকানপাট বন্ধ করে জনতা রাস্তায় নেমে এসে বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির সাথে একাত্মতা প্রকাশ করেন।

এর আগে সকাল ৯টায় স্থানীয় মুক্তমঞ্চে বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ খাজা সামছুল ইসলামের সভাপত্বিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির সদস্য সচিব দেওয়ান বদিউজ্জামান বদি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দনাথ মন্ডল প্রমুখ।