২০ তলাবিশিষ্ট সুকন্যা টাওয়ারের অননুমোদিত অংশ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নগরীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের সুরম্য ২০তলা উঁচু ভবন ‘সুকন্যা টাওয়ারের’ অননুমোদিত অংশ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে।
বহুতল ভবনের অননুমেদিত অংশ ভেঙে ফেলার সরকারি উদ্যোগ সাম্প্রতিক সময়ে এই প্রথম।
তবে টাওয়ার কর্তৃপক্ষ ভবন নির্মাণের ক্ষেত্রে অনিয়মের কথা অস্বীকার করে বলেছেন, ভেঙ্গে ফেলার বিষয়টি বিবেচনার জন্য রাজউককে জানানো হবে।
জানা গেছে, রাজউকের অথরাইজড অফিসার - ১ নূর ইসলাম স্বাক্ষরিত নির্দেশনামায় বলা হয়েছে, নিউ মার্কেট থানাধীন ধানমন্ডি মৌজার সিএস দাগ ৫৯৩ ও ৫৯৪ - এ (হোল্ডিং- ৩৫) নির্মিত সুকন্যা টাওয়ার নির্মাণের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণে তিন মিটার এবং পূর্ব ও পশ্চিমে দুই দশমিক ৫০ মিটার করে জায়গা খালি রাখার অনুমোদন দেওয়া হয়।
কিন্তু কর্তৃপক্ষ উত্তরে এক দশমিক ২৫ মিটার, দক্ষিণে দশমিক ৯১ মিটার, পূর্বে দশমিক ৪৬ মিটার ও পশ্চিমে দশমিক ৬০ মিটার জায়গা খালি রেখে ভবনের নির্মাণ কাজ শেষ করে।
২০ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও কর্তৃপক্ষ ২০ তলার ছাদে আরো এক তলা নির্মাণ করে সেখানে তিনটি ফ্ল্যাট ও কার পার্কিংয়ের স্থানে ছয়টি গোডাউন তৈরি করে তা অন্যত্র ভাড়া দেওয়া হয়েছে।
এ ছাড়াও ভবনের সামনের ৩০ ফুট সড়কের জায়গাকে ৪০ ফুট বলে রাজউকে তথ্য দেওয়া হয়। এতে ইমারত নির্মাণ আইনের লংঘন হয়েছে বলে নির্দেশনামায় উল্লেখ করা হয়।
রাজউক এখন ভবনটির এ সব অননুমোদিত অংশ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজউকের অথরাইজড অফিসার - ১ নূর ইসলাম বিডিনিউজকে বলেন, রাজউক সুকন্যা টাওয়ারের অননুমেদিত পুরো অংশটুকুই ভেঙে ফেলবে।
তিনি জানান, টাওয়ার কর্তৃপক্ষকে আগামী বৃহস্পতিবারের মধ্যে ওই অননুমেদিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ না নিলে রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। এজন্য আবার প্রয়োজনীয় ব্যয়ভার ভবনটির মালিককেই গ্রহণ করতে হবে।
তবে সুকন্যা টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. সিরাজুল ইসলাম বিডিনিউজকে বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদের কোনো অনিয়ম নেই। যা অনিয়ম রয়েছে তা রাজউকের। তাই আমরা বিষয়টি বিবেচনা করার জন্য রাজউককে জানাবো। আশা করি তারা বিষয়টি বিবেচনা করবে।
তিনি জানান, ১৯৯৮ সালে রাজউকের অনুমোদন নিয়ে টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। ২০০১ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর ফ্ল্যাট ক্রেতাদের কাছে তা হস্তান্তর করা হয়। ২০০২ সালে রাজউক পুনরায় পরিকল্পনা আহ্বান করে। তাদের অনুমোদন নিয়ে পরিকল্পনা অনুযায়ীই ভবনের নির্মাণ কাজ শেষ করা হয়েছে।
তিনি বলেন, রাজউকের কোনো অভিযোগ থাকলে তা ভবন নির্মাণের আগেই তা করা উচিত ছিল। নির্মাণ কাজ শেষ করার পর তারা এটা ভাঙ্গতে পারে না। এ অবস্থায় রাজউক কর্তৃপক্ষ কোনো অংশ ভাঙ্গার উদ্যোগ নিলে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে।
এদিকে সুকন্যা টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী মিন্টু বিডিনিউজকে বলেন, ফ্ল্যাট কেনার সময় টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক যেসব শর্ত মেনেছিলেন, শেষপর্যন্ত তার কোনোটাই তিনি রাখেননি। ভবনে ভূমিকম্প নিরোধক যন্ত্র স্থাপনের কথা থাকলেও এত বড় ভবনে কোনো যন্ত্র বসানো হয়নি। ফলে ভবনের বাসিন্দারা প্রতিনিয়ত আতংকে রয়েছেন।
