চলতি মাসে গ্যাস উৎপাদন দেশের চাহিদাকে ছাড়িয়ে যাবে
চলতি মাসে গ্যাসের উৎপাদন দিনে এক হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট হতে যাচ্ছে। এ উৎপাদন অভ্যন্তরীণ চাহিদার চেয়ে ৫০ মিলিয়ন ঘনফুট বেশি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র জানায়, নভেম্বরের মধ্যে গ্যাসের মোট উৎপাদন আরও বেড়ে দিনে এক হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট হবে।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, আমাদের অন্যতম লক্ষ্য ছিল, জুনের মধ্যে আভ্যন্তরীণ গ্যাস চাহিদা অতিক্রম করা। আমরা এক্ষেত্রে সফলতা অর্জন করেছি।
চাহিদার তুলনায় ৫০ মিলিয়ন ঘনফুট বেশি গ্যাস কৈলাশটিলা এবং বাংগুড়া গ্যাসক্ষেত্র থেকে। আইরিশ কোম্পানি টাল্লো কুমিল্লার বাংগুড়া গ্যাসক্ষেত্রের দায়িত্বে রয়েছে।
তিনি জানান, নভেম্বরে এক হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট উৎপাদনের ক্ষেত্রে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে দেশের দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা থেকে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অতিরিক্ত গ্যাস হলেই দেশে গ্যাসের সমস্যা দূর হবে না। এ জন্য দরকার সুষ্ঠু গ্যাস সরবরাহ।
তিনি জানান, এ লক্ষ্যে আশুগঞ্জ থেকে মনোহরদী পর্যন্ত ৩৭ কিমি গ্যাস ট্রান্সমিশন লাইন বসানো হয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও চালু রয়েছে।
এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সুষ্ঠু গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার ধনুয়া থেকে আমিনবাজার পর্যন্ত ৪৮ কিমি ট্রান্সমিশন লাইন স্থাপনের কাজ শুরু করেছে। ইতিমধ্যে ধনুয়া থেকে আশুলিয়া পর্যন্ত লাইন বসানোর কাজ শেষে গ্যাস সরবরাহও চালু হয়েছে।
