নগরীতে শতবর্ষী অশ্বত্থ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত
নগরীর মিন্টো রোডে শেরাটন হোটেলের সামনের শতবর্ষী অশ্বথ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ৯ আগস্ট থেকে ‘বৃক্ষ হত্যা বন্ধ কর, নিজের মাকে রক্ষা কর’ শীর্ষক কর্মসূচি নিয়ে গাছের নিচে অবস্থান, গাছের পরিচর্যা ও প্রতিবাদ সমাবেশ করছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পবার নেতা--কর্মীসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, নারী ও শিশুসহ বিভিন্ন স্তরের মানুষ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কেটে ফেলা শেকড়ের গোড়ায় মাটি ও পানি দিয়ে এর পরিচর্যা করেন। এ সময় অনেক সাধারণ পথচারিও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরে পরিবেশ বিশেষজ্ঞ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, একদিকে প্রধানমন্ত্রী ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে তার আহ্বান উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে বৃক্ষ হত্যা অব্যাহত রয়েছে।
সামাবেশে বক্তব্য রাখেন পবার আহ্বায়ক আবু নাসের খান, আমির হাসান, শাহীন আজিজ এবং অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
