২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় থেকে চতুর্থ শ্রেনীতে অবনমনে সচিবালয়ে অসন্তোষ-ক্ষোভ

জনপ্রশাসনে তৃতীয় শ্রেনী পদমর্যাদার ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ও প্লেইন পেপার কপিয়ার পদের মান অবনমিত করে চতুর্থ শ্রেনী করার সিদ্ধান্তে সচিবালয়সহ প্রশাসনের সর্বত্রই ক্ষোভ বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

পদ দুটিতে কর্মরত কর্মীরা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আদালতের আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছে। এ সংক্রান্ত সচিব কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদন পেলেই আন্দোলন শুরু হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সচিব কমিটি চলতি বছরের ৮ মের সভায় সংশোধিত আকারে সরকারি কর্মচারি নিয়োগ বিধিমালা অনুমোদন করে। এতে ১৯৮২, ১৯৮৫ ও ১৯৯৮ সালে অনুমোদিত ও জারি করা নিয়োগ বিধিতে তৃতীয় শ্রেনী মানের ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ও প্লেইন পেপার কপিয়ার পদকে চতুর্থ শ্রেনীর মানে নামিয়ে আনার প্রস্তাব করা হয়।

আইন মন্ত্রণালয়ের অনুমোদনসহ প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর নিয়ম থাকলেও তা করা হয়নি। প্রস্তাবটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সচিব কমিটির প্রস্তাবটি অনুমোদিত হলে তৃতীয় শ্রেনীর ওই দুটি পদ চতুর্থ শ্রেনীতে নেমে যাবে। ফলে ওই পদে কর্মরতদের বেতন ও ভাতা ঠিক থাকলেও মর্যাদা ও পদোন্নতির সুবিধা কমে যাবে।

এ দুই পদে কর্মরত কয়েকজন কর্মচারি বিডিনিউজকে জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সচিব কমিটির প্রস্তাবনা অনুমোদন হলে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে তারা সরাসরি আন্দোলনে নামবে। একই সাথে আদালতে মামলা দায়ের করার ব্যাপারেও সিদ্ধান্ত নেবে।