শর্তহীন ১০ শতাংশ বেতনের দাবিতে আন্দোলন অব্যাহত
শর্ত ছাড়া ১০ শতাংশ বর্ধিত বেতন দেওয়ার দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্টের ৪৮ ঘন্টার বেঁধে দেওয়া সময়সীমা বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেষ হলেও সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি।
জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্টের প্রধান আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বিডিনিউজকে বলেছেন, তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বৃহস্পতিবার দুপুরেই আশ্বাস দিয়েছিলেন যে বিকেলের মধ্যেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তিনি আরো জানান শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষেই আবদুস সালাম পিন্টুর সিদ্ধান্ত জানানোর কথা। কিন্তু বিকেলে উপমন্ত্রী যোগাযোগ করেন নি।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বিকেলে মুক্তাঙ্গনে মশাল মিছিল করেছে। শুক্রবার জাতীয় কমিটির জরুরী বৈঠকে চলমান আন্দোলনের সর্বশেষ অবস্থা মূল্যায়ন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সরকার সমর্থক সংগঠন শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার অনুসারীরা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শতভাগ বেতন দেওয়ার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো আয় সরকারী কোষাগারে জমা দিতে হবে না। সরকার শিক্ষকদের দাবি পূরণ করেছেন। তিনি দেশের সকল বেসরকারি স্কুল, কলেজ, ও মাদ্রাসার শিক্ষকদের ছুটির দিনে অতিরিক্ত ক্লাশ নেওয়ার আহ্বান জানান।
এছাড়া শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদ এবং শিক্ষক-কর্মচারি সমন্বয় পরিষদের আন্দোলন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত শর্ত ছাড়া ১০ শতাংশ বেতন দেওয়ার সরকারি প্রজ্ঞাপন জারির কোন ঘোষণা দেওয়া হয়নি।
বিডিনিউজ/জেএফ/কেএম
