শামসুর রাহমানকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে পাঠাতে আগ্রহী
অসুস্থ কবি শামসুর রাহমানকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে পাঠাতে আগ্রহী। কবি পরিবারের সম্মতি পেলেই সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার দুপুরে কবিকে হাসপাতালে দেখতে যান। সেখানে তিনি চিকিৎসকদের কাছে কবিকে বিদেশে পাঠানোর ব্যাপারে সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন।
কবির পারিবার ও চিকিৎসকদের সূত্র জানায়, কবি শামসুর রাহমানের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।
শ্বাসকষ্ট, হৃদরোগ ও কিডনিজনিত সমস্যার কারণে ৬ আগস্ট কবি রাহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ১ নম্বর শয্যায় চিকিৎসাধীন।
কবি কথা বলতে ও বুঝতে পারলেও চিকিৎসকরা তাকে কথা না বলতে পরামর্শ দিয়েছেন। আইসিইউ’র সহকারী অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
ডা. ইকবাল হোসেন চৌধুরী বিডিনিউজকে জানান, কবির মেডিক্যাল বোর্ড বৃহস্পতিবারও বৈঠক করেছে। তবে এতে আরো উন্নত চিকিৎসার জন্য কবিকে বিদেশে পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরো জানান, কবি শামসুর রাহমানের অবস্থা এখন আগের মতোই রয়েছে।
কবির পুত্রবধূ টিয়া রাহমান বিডিনিউজকে জানান, চিকিৎসার জন্য কবিকে বিদেশে পাঠানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
টিয়া জানান, কবির কনিষ্ঠ কন্যা সেবা রাহমান অসুস্থ বাবাকে দেখতে কানাডা থেকে শুক্রবার দেশে এসে পৌঁছাবেন।
এর আগে হাসপাতালে একবার চিকিৎসা নিয়ে কবি ২৩ জুলাই বাসায় ফিরে যান। হঠাৎ করে ১২ দিন পর গত শনিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভর্তি করা হয় হৃদরোগ হাসপাতালে। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু মেডিক্যালে স্থানান্তর করা হয়।
