নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩৫
ঢাকা - কিশোরগঞ্জ সড়কের শিবপুর উপজেলার জামতলা নামক স্থানে বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে দুই যাত্রী নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
মনোহরদী থেকে ঢাকাগামী মেঘালয় ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো জ- ১১ - ২৬১৪) কিশোরগঞ্জ থেকে আসা ঢাকাগামী বিআরটিসির অপর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১৪-০৫২০) ওভারটেক করার সময় পেছন দিক থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও আরো ৩৫ জন আহত হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ছয় যাত্রীকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অন্যদের নরসিংদী সদর হাসপাতালে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর পরই বাসের চালকরা পালিয়ে যায়। পুলিশ বাস দুটি আটক করেছে।
এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
