চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর - বিএসএফ গুলি বিনিময়
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ী সীমান্তে বৃহস্পতিবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) জওয়ানদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
নওগাঁর বাংলাদেশ রাইফেলসের ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, ভারতের মালদহ জেলার আদমপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা কোন উস্কানি ছাড়াই বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে গিলাবাড়ী সীমান্ত ফাঁড়ির টহলরত বিডিআর জওয়ানদের লক্ষ্য করে ৮/১০ রাউন্ড গুলি ছোঁড়ে। জবাবে বিডিআরও ২০ রাউন্ড গুলি চালায়।
এ ঘটনার পর থেকে সীমান্তে বিডিআর সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
