২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সমর্থক শিক্ষক সংগঠনগুলোও মেনে নিতে পারছে না সরকারি ঘোষণা, দাবি মেনে নিতে হুঁশিয়ারি

সরকার সমর্থক শিক্ষক সংগঠনগুলোও শর্তসাপেক্ষে শতভাগ বেতন প্রদানে সরকারি ঘোষণা মেনে নিতে পারছে না। ফলে আন্দোলনরত সংগঠনগুলো ছাড়াও সরকার সমর্থক সংগঠনগুলো শর্ত ছাড়া বেতন প্রদান এবং অন্যান্য দাবি দাওয়া মেনে নেওয়ার দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

দাবি মানা না হলে তাদের স্থগিত আন্দোলন আবারও চাঙ্গা করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে শিক্ষক সংগঠনগুলো।

মঙ্গলবার জাতীয় শিক্ষক - কর্মচারি ঐক্যজোটের শরীফুল ইসলামের অংশের এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রতিশ্র“তি মোতাবেক কোনরকম শর্ত ছাড়াই শতভাগ বেতন প্রদান করতে হবে।

অধ্যাপক শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মাজহারুল হান্নান। এতে বলা হয়, নির্ধারিত এক মাসের মধ্যে ৬ দফা শিক্ষা এজেন্ডা বাস্তবায়ন না করা হলে শিক্ষক - কর্মচারি ঐক্যজোট ১০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালাবদ্ধ কর্মসূচি পালন করতে বাধ্য হবে। এ কর্মসূচি সফল করার জন্য ৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে বিকেল সাড়ে ৩ টায় সকল সংগঠনের কর্মকর্তাদের বর্ধিত সভায় দিক - নির্দেশনা দেওয়া হবে।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ৬ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মহা-অবস্থানের কর্মসূচির সময়ে শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত হয়ে শতভাগ বেতন প্রদানের ঘোষণা দিয়ে এক মাসের মধ্যে অন্য বিষয়গুলো নিষ্পত্তি করবেন বলে প্রতিশ্র“তি দেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করা হয়।

বক্তব্যে আরো বলা হয়, এক মাসের মধ্যে সরকার সকল সমস্যা সমাধানে আন্তরিক না হলে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে।

এদিকে শিক্ষক - কর্মচারি ঐক্যজোটের একাংশের প্রধান আহ্বায়ক সেলিম ভুঁইয়া বিডিনিউজকে বলেছেন, তারা শিক্ষামন্ত্রীর ঘোষণার সাথে সাথেই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, শর্ত ছাড়াই টাকা পাবো এ ব্যাপারে নিশ্চিত। কারণ সরকার ইচ্ছে করলেই তো এখন টাকা দিতে পারবে না। এ ব্যাপারে আইন প্রণয়ন করতে হবে। তারপর প্রয়োজনীয় কাজ শেষে টাকা পাওয়া যাবে।      

অন্যদিকে মঙ্গলবার জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্ট তাদের এক প্রতিনিধি সভার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বৃহস্পতিবার কর্মদিবস পর্যন্ত এ আলটিমেটাম বহাল থাকবে। চলমান ধর্মঘট অব্যাহত রেখে শিক্ষামন্ত্রীর ঘোষণা প্রত্যাহার এবং বিনা শর্তে ১০ শতাংশ বর্ধিত বেতন প্রদানের সরকারী প্রজ্ঞাপন জারির জন্য এ আলটিমটাম দেওয়া হয়েছে। সরকার ৪৮ ঘন্টার মধ্যে বিনা শর্তে ১০ শতাংশ বর্ধিত বেতন প্রদানের সরকারী প্রজ্ঞাপন জারি করলে চলমান ধর্মঘট সাময়িক ভাবে স্থগিত করা হবে। পরবর্তীতে সহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের প্রধান আহ্বয়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১০ আগস্ট মুক্তাঙ্গন থেকে কেন্দ্রীয়ভাবে মশাল মিছিল, ১১ থেকে ১৪ আগস্ট উপজেলা এবং জেলা পর্যায়ে শিক্ষামন্ত্রীর প্রতারণামূলক ঘোষণার ব্যাখ্যা দিয়ে মতবিনিময় সভা, সরকার আল্টিমেটাম অনুযায়ী ঘোষণা সংশোধন করে প্রজ্ঞাপন জারী না করলে ১৯ আগস্ট শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ এবং সরকারী ঘোষণায় অগ্নিসংযোগ, ছয়টি বিভাগীয় সদরে ২০ থেকে ২৫ আগস্ট জনসভা ও মিছিল, ২৬ আগস্ট ঢাকায় মহাঅবস্থান এবং ২৭ আগস্ট ঢাকায় অর্ধদিবস হরতাল।

অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতি চাকরি জাতীয়করণের দাবিতে তাদের কাফনের কাপড় পড়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে।

৯ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক - কর্মচারি ঐক্য পরিষদের মহাঅবস্থান কর্মসূচি রয়েছে।

প্রায় এক মাস পর ৬ আগস্ট শিক্ষামন্ত্রীর ঘোষণার পর শিক্ষক সংগঠনের একাংশের ধর্মঘট প্রত্যাহারের ফলে গতকাল থেকেই নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ শুরু হয়েছে।