গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত: নিহত ১, আহত ৩
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পচারবাজার হাটে মঙ্গলবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী সুকুমারের ছেলে জীবন কুমারের (১৯) মর্মান্তিক মৃত্যু হয়। এ ছাড়া আরো তিনজন আহত হয়।
আহতদের মধ্যে ব্যবসায়ী বাবলুকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মোস্তাফিজুর রহমানের কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। একে একে তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় একটি রাইস মিল, তিনটি কাপড়ের দোকান, একটি স্টুডিও, একটি হোটেল, একটি সারের দোকান এবং পাঁচটি মুদির দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
