নারায়ণগঞ্জ ও রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও রূপগঞ্জ থানায় মঙ্গলবার সকালে দু’টি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আড়াইহাজারে দুর্ঘটনাটির পর ঢাকা - সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ট্যাক্সিক্যাব চালক কাজী আলম (৩৫), যাত্রী কামাল (২৮) ও হানিফ (৪০)। যাত্রী দুজনের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার ভাসানপর গ্রামে। চালক আলমের বাড়ি পাবনায়।
অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আড়াইহাজার থানার বাগবাড়ী এলাকায় ভোর ৬ টার দিকে ঢাকাগামী একটি হলুদ ট্যাক্সিক্যাবের (ঢাকা মেট্রো-প-১১-৩০১৫) সাথে বিপরীত দিক থেকে আসা নরসিংদীগামী একটি দ্রুতগামী ট্রাকের (ঢাকা - মেট্রো - ট - ০৬ - ০৩১২) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত যাত্রীরা সবাই সাভারের একটি সোয়েটার ফ্যাক্টরীর কর্মচারী। তারা সিলেট থেকে মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরছিল। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
অপরদিকে বেলা ১১ টার দিকে রূপগঞ্জ থানার আধুরিয়া এলাকায় কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ৫/৬টি বাস ভাংচুর করে।
আড়াইহাজার এবং রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
