২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনটি কনডেন্সড মিল্ক ও ফলের রসের উৎপাদন জরুরিভিত্তিতে স্থগিত করার অনুরোধ

ড্যানিশ, স্টারশিপ ও গোয়ালিনি কনডেন্সড মিল্ক পরীক্ষা করে দেখা এবং এগুলোতে ‘নিুমানের ও বিষাক্ত’ কোন উপকরণ মেশানো হয়ে থাকলে জরুরিভিত্তিতে এর উৎপাদন স্থগিত করার জন্য কোম্পানিগুলোকে বাধ্য করার নির্দেশ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সোমবার সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিএসটিআই এর প্রতি এই আহ্বান জানানো হয়।

বৈঠকে কনডেন্সড মিল্ক ছাড়াও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) স্টারশিপ ও অন্যান্য ব্র্যান্ডের ফলের রস উৎপাদনে কোনও অনিয়ম পাওয়া গেলে উৎপাদন স্থগিত রাখার আদেশ জারি করতে বলা হয়।

বৈঠক শেষে বিডিনিউজের সাথে আলাপকালে আব্দুল আলীম বলেন, ড্যানিশ, গোয়ালিনি এবং স্টারশিপ যদি মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ও সয়াবিন চর্বি ব্যবহার করে থাকে তাহলে বিএসটিআই তাদের উৎপাদন বন্ধ রাখতে বাধ্য করবে।

সংসদীয় কমিটির সদস্য আওয়ামী লীগ সাংসদ কর্নেল (অব.) ফারুক আহমেদ এবং বিএনপির সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, কোম্পানিগুলো গুঁড়োদুধ বহনকারী জাহাজের মেঝেতে ছড়িয়ে থাকা অবস্থায় গুঁড়ো দুধ সংগ্রহ করে এবং কনডেন্সড মিল্ক তৈরিতে তা ব্যবহার করে থাকে।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ কনজ্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সভাপতি জানান, তার প্রতিষ্ঠান বিভিন্ন ব্র্যান্ডের কনডেন্সড মিল্ক পরীক্ষা করে দেখেছে এবং তাতে নিুমানের গুঁড়ো দুধ ও ভেজিটেবল ফ্যাট পাওয়া গেছে।

তিনি আরও জানান, বাজারজাত ফলের রসে ১২ শতাংশ ফলের শাঁস ব্যবহারের ব্যাপারে সরকারি নিয়ম থাকলেও বিভিন্ন কোম্পানি মাত্র দুই শতাংশ ফলের শাঁস ব্যবহার করছে।

দুই শতাংশ ফলের শাঁস ব্যবহার করে যেসব কোম্পানি ফলের রস বাজারজাত করছে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য বিএসটিআইকে বৈঠকে অনুরোধ জানানো হয়েছে কমিটির চেয়ারম্যান জানান।

আব্দুল আলীম বিডিনিউজকে জানান, বিএসটিআই মঙ্গলবার থেকে বাজার ঘুরে কনডেন্সড মিল্ক ও ফলের রস পরীক্ষার অভিযানে নামবে এবং সেগুলোতে কোনও অনিয়ম পাওয়া গেলে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে।

কমিটির সদস্য ফারুক খান বিএসটিআইয়ের সমালোচনা করে বলেন, রাজধানীসহ সারা দেশের অধিকাংশ দোকান নিুমানের খাদ্যদ্রব্যে ছেয়ে গেছে।

বিএসটিআই কর্মকর্তারা জানান, কয়েক শ’ লাইসেন্স নবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রসঙ্গে কমিটি ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন কিংবা উৎপাদন বন্ধ করতে বিএসটিআই এর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বৈঠকে কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ এবং ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।