ব্রাহ্মণবাড়িয়ায় পোলিও টিকাদান কেন্দ্রে দু’দলের সংঘর্ষ: আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগঞ্জ উপজেলার গোয়ালনগর টিকাদান কেন্দ্রে পোলিও টিকা খাওয়ানোকে কেন্দ্র করে সোমবার দু’দলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
জানা যায়, ১৩তম বিশেষ জাতীয় টিকা দিবসের চতুর্থ রাউন্ডের শেষ দিন রোববার নাসিরগঞ্জ স্বাস্থ্য বিভাগের টিকাদান কেন্দ্রের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী মাসুদ মিয়া।
তিনি পোলিও টিকা খাইয়ে শিশু প্রতি পাঁচ টাকা করে আদায় করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোবারক হোসেন টিকাদান কেন্দ্রে এসে বাধা দেন। এসময় স্বাস্থ্য সহকারী মাসুদের দল এবং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দু’দলের কমপক্ষে ১০ জন আহত হয়। একপর্যায়ে টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবদুর রাকিব জানান, বিষয়টি তিনিও শুনেছেন। নাসিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দায়ী কর্মচারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
