২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আদিবাসীদের ভোটার তালিকাভূক্তির চিত্র হতাশা ব্যঞ্জক, পার্বত্যাঞ্চলে ৩০ হাজার রোহিঙ্গা ভুয়া ভোটার: সন্তু লারমা

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে আদিবাসীদের ভোটার তালিকাভূক্তির চিত্র হতাশা ব্যঞ্জক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 02:39 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

তিনি বলেন, ঐতিহাসিক শান্তিচুক্তি লঙ্ঘন করে পার্বত্যাঞ্চলে শুধু স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা না করে সেখানে সব ধরনের বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করা হচ্ছে। এমনকি প্রায় ৩০ হাজার বহিরাগত রোহিঙ্গা শরণার্থীদেরও ভোটার তালিকাভূক্তি করা হয়েছে।

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা ভোটার তালিকার এ অব্যবস্থার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সারাদেশে আদিবাসীদের অনেকেই ভোটার হতে পারেনি। আবার বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে, নিরাপত্তাহীনতার কারণে আদিবাসীরা ভোট কেন্দ্রে যেতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এমনটি হওয়ার আশঙ্কা রয়েছে।

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, খাসিয়া নেতা এন্ডু সলোমার, জনসংহতি সমিতির নেতা লক্ষ্মী প্রসাদ চাকমা, শক্তিপদ ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সভানেত্রী চৈতালি ত্রিপুরা প্রমুখ।

সংবাদ সম্মেলনে সন্তু লারমা জানান, এবার আদিবাসী দিবসের মূল শ্লোগান হচ্ছে, ‘আদিবাসী অঞ্চল, ভূমি ও সম্পদের ওপর আদিবাসীদের অধিকার।’ বাংলাদেশে দিবসটি উপলক্ষে ৯ আগস্ট সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী সমাবেশ ও র‌্যালির কর্মসূচি নেওয়া হয়েছে। একই দিন দুপুরে অনুষ্ঠিত হবে আদিবাসী সংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী এবং বিকাল ৪ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিনি বলেন, দেশে আদিবাসীরা এখন ক্রমেই নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়ে পড়ছে। সীমাহীন শোষণ, বঞ্চনা ও নিপীড়নের ফলে আদিবাসীরা এখন বিলুপ্তির প্রান্তিক সীমায় পৌঁছে গেছে। ভূমি ছাড়া আদিবাসীদের অস্তিত্ব, ভাষা, ঐতিহ্য ও নিজস্ব জীবন টিকে থাকতে পারে না।

তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করার জন্য পার্বত্য চট্টগ্রামে বহিরাগতদের বসতি দেওয়া হচ্ছে। ‘অপারেশন উত্তরণ’ এর নামে সেখানে চলছে সেনা শাসন ও সেনা ছাউনি সম্প্রসারণ।

সন্তু লারমা দিবসটি উপলক্ষে সরকারের কাছে ১১ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে সংবিধানিক স্বীকৃতিসহ আদিবাসীদের আত্ম নিয়ন্ত্রণের অধিকার প্রদান, আদিবাসী অঞ্চল, ভূমি ও সম্পদের ওপর আদিবাসীদের অধিকার নিশ্চিত, পার্বত্য শান্তি চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন ও সেখানে সেটেলার বসতি বন্ধ, পার্বত্য চট্টগ্রামের মতো সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও পৃথক ভূমি কমিশন গঠন করা - ইত্যাদি।