২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সরকারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা

গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী আবাসিক এলাকায় রোববার মো. কফিলউদ্দিন আহম্মদ (৫৩) নামে ধান গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

শনিবার রাতে স্ত্রী ও মেয়ের সাথে তার জমি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয় বলে জানা যায়। নিহতের মাথা, বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী জানান, ছায়াবিথী সমবায় গৃহনির্মাণ সমিতির ৪৯ নং প্লটে নির্মিত একটি দোতলা বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। স্ত্রী, মেয়ে ও জামাই জায়গাসহ বাড়িটি তাদের নামে লিখে দেওয়ার জন্য কফিলউদ্দিনের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এমনকি স্ত্রী, মেয়ে ও জামাই তার প্রাণনাশ করতে পারে উল্লেখ করে কফিলউদ্দিন এপ্রিল মাসে জয়দেবপুর থানায় দুটি সাধারণ ডায়েরি করেন (নং-৫৭ ও ২৪১)। সম্পত্তির লোভে তার স্ত্রী, মেয়ে ও জামাই তাকে হত্যা করে থাকতে পারে বলে নিহতের আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী সন্দেহ প্রকাশ করেন।

এ ঘটনায় নিহত কফিলউদ্দিনের ভাই মো. আমিনউদ্দিন বাদী হয়ে রোববার সন্ধ্যায় নিহতের স্ত্রী জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবেদা আক্তার, মেয়ে শিরিন আফরোজ পপি এবং জামাই শামীম আহম্মদকে আসামী করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।