নরসিংদীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০
নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া নামক স্থানে রোববার দুপুর পৌনে ২টায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত ও ১০জন আহত হয়েছে।
নিহতরা হলেন প্রাইভেট কারের মালিক বুলবুল আহমেদ (৬৫), তার ভায়রা ভাই মতিউর রসুল (৫৫) ও ছোট ভাই শওকত (৩৫) এবং চালক বাদল মিয়া (৩৫)।
জানা গেছে, নরসিংদী - গাজীপুর সড়কের ভাটপাড়া নামক স্থানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী একটি বাসের (ঢাকা - মেট্রো - ব - ০৬ - ০০৮২) সাথে ঢাকাগামী একটি প্রাইভেট কারের (ঢাকা - মেট্রো - গ - ১৭ - ০২৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও বাসের ১০ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুমড়ানো - মুচড়ানো কারটি কেটে নিহতদের লাশ উদ্ধার করে।
আহত বাস যাত্রীদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
