অপূর্ণাঙ্গ তথ্য নিয়েই পুলিশের ওয়েবসাইট এর যাত্রা শুরু
অপূর্ণাঙ্গ তথ্য নিয়েই রোববার বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট চালু হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পুলিশ সদর দপ্তরে দুপুরে মাউসে ক্লিক করে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন।
এ সময় পুলিশের মহাপরিদর্শক এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে খোদ পুলিশ সদর দপ্তরই স্বীকার করেছে, ওয়েবসাইটটিতে তথ্যের ঘাটতি রয়েছে।
সূত্র জানায়, পর্যাপ্ত তথ্য দিয়ে ওয়েবসাইটটি সাজাতে পুলিশ আরো এক বছর সময় চেয়েছিল।
কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিন মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
ওয়েবসাইটটির উদ্বোধন করতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, এ ওয়েবসাইটের উদ্বোধন পুলিশ বাহিনীর আধুনিকায়নেরই একটি অংশ।
ওয়েবসাইটটির দর্শকদের অনেকেই বলেছেন, এর বেশির ভাগ লিংক পেজ এখনো ফাঁকা।
তারা জানান, এতে অপরাধ, অপরাধমূলক তৎপরতা, অপরাধের পরিসংখ্যান, পুলিশ বাহিনীর ইতিহাস এবং অর্জনসহ অনেকগুলো লিংক থাকলেও বেশিরভাগ লিংক পেজেই কোনো তথ্য নেই।
