মতিঝিলে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় ঢাবি’র ৪ ছাত্রের স্বীকারোক্তি
রাজধানীর মতিঝিলের সিএমএমইউ ভবনে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র।
এরা হলেন বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক ছাত্র ইমতিয়াজ রহমান, মফিজুর রহমান, সাহাবুল রহমান ও হুমায়ুন কবির।
রোববার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট ননী গোপাল বিশ্বাসের খাস কামরায় টানা পাঁচ ঘন্টা ধরে তারা এই জবানবন্দী দেন।
তারা বলেন, ৩০ জুলাই ছাত্রদল নেতা সৈকত ও আসাদ ১০৫/১০৬ মতিঝিলের সিএমএমইউ ভবনে তাদেরকে নিয়ে আসে। নেতাদের কথামতো তারা সাধারণ ঠিকাদারদের কাছ থেকে টেন্ডার ফরম ছিনিয়ে নেয়। সৈকত ও আসাদ এসময় তাদেরকে বলেন, হলে থাকতে হলে তাদের কথামতো কাজ করতে হবে।
এদিকে ফজলুল হক হলের অপর পাঁচ আবাসিক ছাত্র কবির খান, সাজ্জাদ হোসেন, শরীফুল ইসলাম, মাজেদুল ইসলাম ও আবু বকর ছিদ্দিক সানি জবানবন্দীতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তারা ঘটনাস্থলে গিয়েছিলেন টেন্ডার ফরম কিনতে, ছিনতাই করতে নয় এবং তাদের লাইসেন্সও আছে। তারা অভিযোগ করেন, ছিনতাইয়ের ঘটনায় সৈকত ও আসাদ নেতৃত্ব দিলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি।
প্রসঙ্গত ৩০ জুলাই মতিঝিলে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় ১৩ জনকে আসামী করে ধলপুর ডেমরার এসআই মো. মনিরুজ্জামান মতিঝিল থানায় মামলা করেন।
