মিরপুরের তালতলায় ৩৫টি অবৈধ দোকান উচ্ছেদ
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) রোববার মিরপুরের তালতলা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশের প্রায় ৩৫টি দোকান উচ্ছেদ করেছে।
ম্যাজিস্ট্রেট শেখ খাজা হামিম হাসান এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ৪০ জন রিজার্ভ পুলিশ অংশ নেয়।
খাজা হামিম জানান, রাস্তার ওপর থেকে স্থাপনা সরানোর জন্য ডিসিসি গত বছর দোকান মালিকদের দুটি নোটিশ জারি করেছিল। কিন্তু দোকান মালিকরা এ আদেশ অমান্য করে তাদের কার্যক্রম অব্যাহত রাখে। এই দোকানগুলোর কারণে এই এলাকায় ব্যাপক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।
ম্যাজিস্ট্রেট বলেন, ডিসিসির সড়ক প্রশস্ত করার পরিকল্পনা অনুযায়ী এ অভিযান চালানো হলো।
তবে উচ্ছেদ করা খাজা ফার্নিচার দোকানের মালিক জিয়াউল হাসান ডিসিসি’র কাছ থেকে কোনো নোটিশ পাননি বলে জানিয়েছেন।
উচ্ছেদকৃত ব্যবসায়ী, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই এলাকার ফার্নিচার, রড, চা, ফোন -ফ্যাক্সসহ বিভিন্ন ধরনের দোকান উচ্ছেদ করা হয়।
তবে উচ্ছেদ অভিযান চলাকালে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
