পুরস্কারপ্রাপ্ত রিপোর্টারদের বই দিয়ে সম্বর্ধিত করলো ডিআরইউ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ১৯৯৬ - ২০০২ সালে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সংগঠনের পুরস্কারপ্রাপ্ত রিপোর্টারদের বই দিয়ে সংবর্ধিত করেছে। রোববার ডিআরইউ এর সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শফিকুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক যুগান্তর এর সম্পাদক গোলাম সারওয়ার, বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ ও দৈনিক সংবাদ এর নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে তাদের প্রতিবেদনগুলো নিয়ে প্রকাশিত গ্রন্থ তুলে দেন। তিনি একইসঙ্গে গ্রন্থটির সম্পাদনা পরিষদের সদস্যদের গ্রন্থটির একটি করে কপি উপহার দেন।
ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী সংগঠনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। তারা একইসঙ্গে গ্রন্থটি প্রকাশে প্রধান উদ্যোক্তা দৈনিক যায় যায় দিন পত্রিকার সিনিয়র রিপোর্টার তরুণ সরকারকে ধন্যবাদ জানান।
এ ছাড়া ডিআরইউ এর যুগ্ম সম্পাদক দৈনিক আমার দেশ এর কূটনৈতিক প্রতিবেদক ইলিয়াস খান রেডিও বেইজিং এর বাংলা বিভাগে যোগ দেওয়ায় তাকে ক্রেস্ট ও কলম উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম সারওয়ার বলেন, নতুন প্রজন্মের মেধাবী সাংবাদিকরা তথ্য সংবাদ জগতে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে। এটি একটি বিশেষ ইতিবাচক দিক।
তিনি বলেন, সাংবাদিকতা অবশ্যই ঝুঁকিপূর্ণ একটি পেশা। কিন্তু আমরা চাই না অহেতুক নিরাপত্তাহীনতার কারণে সাংবাদিকদের প্রাণহানি হোক। আমরা চাই, নতুন প্রজন্মের মেধাবী সাংবাদিকরা যেন নির্বিঘেœ সৎ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করতে পারেন। গভীর সত্য প্রকাশে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই।
অনুষ্ঠানে উল্লিখিত গ্রন্থটির সম্পাদনা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা এপি’র ঢাকা ব্যুরো চিফ ফরিদ হোসেন, সাংবাদিক নাদিম কাদির, বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশন’র বার্তা সম্পাদক মাহবুব আলম, বৈশাখী’র বার্তা সম্পাদক মুস্তাহিদ ফারুকী ও বার্তা সংস্থা বিডিনিউজের চিফ করেসপন্ডেন্ট জাহিদ নেওয়াজ।
এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ’র সিনিয়র রিপোর্টার মাহমুদ হাফিজ, দৈনিক আমার দেশ’র ডেপুটি চিফ রিপোর্টার মুস্তাফিজ শফি ও স্পোর্টস এডিটর এমএম কায়সার, বিডিনিউজ’র ডেপুটি চিফ করেসপন্ডেন্ট বিপ্লব রহমান, দৈনিক যায় যায় দিন’র সিনিয়র রিপোর্টার তরুণ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মাহবুব রহমান ও শাহেদ সিদ্দিকী, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সাইদুর রহমান রিমন।
