নরসিংদীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪, আহত ১০
নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া নামক স্থানে রোববার দুপুর পৌনে ২টায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১০জন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, নরসিংদী - গাজীপুর সড়কের ভাটপাড়া নামক স্থানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী একটি বাসের (ঢাকা - মেট্রো - ব - ০৬ - ০০৮২) সাথে ঢাকাগামী একটি প্রাইভেট কারের (ঢাকা - মেট্রো - গ - ১৭ - ০২৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কারের চালকসহ অজ্ঞাত চারজন নিহত ও বাসের ১০ যাত্রী আহত হন।
দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে - মুচড়ে যায়। আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারটি কেটে নিহতদের লাশ উদ্ধার করে।
আহত বাস যাত্রীদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরর্সিদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
