ডিএমপি’র নতুন ৫ থানার উদ্বোধন সোমবার
আগামী ৭ আগস্ট সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনে আরো পাঁচটি থানার উদ্বোধন করা হচ্ছে।
নতুন পাঁচ থানা ছাড়াও বর্তমানে রাজধানীতে মোট ২৮ টি থানা রয়েছে।
ডিএমপি সূত্র জানায়, নতুন চার থানার মধ্যে শাহবাগ থানার কার্যক্রম পরিচালিত হবে শাহবাগের পুলিশ নিয়ন্ত্রণ ভবন থেকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানা তেজগাঁও পুলিশ ফাঁড়ি থেকে, উত্তরখান থানা উত্তরখান মাদারবাড়ি থেকে এবং দক্ষিণখান থানা দক্ষিণখানের আয়েশা শপিং কমপ্লেক্স থেকে।
অপরদিকে, যাত্রাবাড়ি থানার কার্যক্রম পরিচালিত হবে পুরাতন ডেমরা থানা ভবন থেকে আর পুরাতন ডেমরা থানার কার্যক্রম পরিচালিত হবে সারুলিয়ার আহমেদ বাওয়ানি জুটমিল ভবন থেকে।
রাজধানীর বর্তমান থানাগুলো হচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, নিউ মার্কেট, লালবাগ, হাজারিবাগ, কামরাঙ্গিরচর, কোতয়ালি, সূত্রাপুর, মতিঝিল, শ্যামপুর, ডেমরা, সবুজবাগ, বাড্ডা, গুলশান, খিলগাঁও, উত্তরা, তেজগাঁও, মিরপুর, শাহ আলী বাগ, পল্লবী, কাফরুল, ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, খিলক্ষেত, তুরাগ এবং আশুলিয়া।
