২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুজাতিক কোম্পানিগুলো ভ্রান্ত প্রচারণার মাধ্যমে সমাজে বর্ণ-বৈষম্যকে উৎসাহিত করছে: কর্মশালায় বক্তারা

বহুজাতিক কোম্পানীগুলো তাদের ভ্রান্ত বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে সমাজে বর্ণ-বৈষম্যের মতো বিষয়গুলোকেই কার্যত উৎসাহিত করছে। আর গণমাধ্যমগুলো এক্ষেত্রে পালন করছে মুখ্য ভূমিকা। কাজেই গণমাধ্যমগুলোর এ বিষয়ে সচেতন হয়ে এ ধরনের বিজ্ঞাপণ প্রচার অবিলম্বে বন্ধ করা উচিত। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নগরীর সিরডাপ মিলনায়তনে শনিবার জেন্ডার ইন মিডিয়া ফোরাম’র উদ্যোগে এবং অ্যাকশন এইড এর সহযোগিতায় অনুষ্ঠিত‘ রঙ ফর্সাকারী প্রসাধনী: প্রচার ও প্রভাব’ শীর্ষক এক সেমিনারে বহুজাতিক কোম্পানী এবং গণমাধ্যমের তীব্র সমালোচনা করে বক্তারা এ মত প্রকাশ করেন।

বক্তারা বলেন, যেখানে সারা বিশ্বে বর্ণ - বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর হচ্ছে সেখানে আমাদের দেশের পাশাপাশি আরো কিছু প্রান্তিক পূঁজিবাদী দেশে এ জাতীয় পণ্য সামগ্রীর বাজারজাতকরণ এবং ভোক্তা শ্রেণী তৈরি করতে গণমাধ্যমে যে ধরনের ভ্রান্ত প্রচারণা চলছে তাকে আমরা কোনভাবেই সরল পাঠ করতে পারি না।

বরং এ সকল সামগ্রীর বাজারজাতকরণ ও প্রচারণাকে বৈশ্বিক বাণিজ্য এবং লিঙ্গীয় রাজনীতির জায়গা থেকে পাঠ করা জরুরী।   

জেন্ডার ইন মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে মুক্ত আলোচনায় বিভিন্ন সংস্থার উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, স্বাস্থ্য ও সৌন্দর্য বিশেষজ্ঞ এবং দেশের ১৮ টি জেলা থেকে আসা বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

প্রসাধনী সামগ্রী ও এর বিজ্ঞাপনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিক এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো চিহ্নিত করে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেন্ডার ইন মিডিয়া ফোরামের সদস্য নাজনীন শিফা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক।

অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন মুহাম্মদ জাহাঙ্গীর।

আলোচকরা বলেন, প্রসাধনী সামগ্রীর লেবেলে কার্যকর উপাদানগুলো লেখা হচ্ছে না, এমনকি ওই উপাদানের সম্ভাব্য ক্ষতি সম্পর্কেও ক্রেতাদের জানানো হচ্ছে না। ফলে পণ্য ব্যবহারে ঝুঁকি সম্পর্কেও ক্রেতারা জানতে পারে না, এটা মানবাধিকার পরিপন্থী। এটা জাতিসংঘের আর্ন্তজাতিক ক্রেতা অধিকার সনদেরও পরিপন্থী। শুধু মুনাফার কারণে তারা এগুলো করে যাচ্ছে। এগুলো সরকারিভাবে নিয়ন্ত্রণ দূরে থাক, এমনকি দেখাও হচ্ছে না।

তারা বলেন, প্রায় সব কোম্পানীই একই রকম প্রচারনা চালিয়ে থাকে। ফলে দেশে দেশে বিশেষ করে টিনএজাররা তাদের সহজ শিকারে পরিণত হয়। কোন কোন পত্রিকা ও টিভি চ্যানেল কোম্পানীগুলোর অসত্য বিজ্ঞাপন প্রচার করে জ্ঞাত বা অজ্ঞাতসারে এই অসুস্থতা ছাড়াতে সাহায্য করছে বলেও বক্তারা অভিযোগ করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন নারী পক্ষের সদস্য ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজিম, হলি ফ্যামিলি হাসপাতালের ডা. শাহ আতাউর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের ফসটিনা পেরেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, জেন্ডার ইন মিডিয়া ফোরামের সদস্য ওমর তারেক চৌধুরী, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর রঞ্জন কর্মকার, অ্যাকশন এইড’র ফওজিয়া খোন্দকার ইভা ও খুকু চক্রবর্তী, পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু ও দি হাঙ্গার প্রজেক্ট’র নাসিমা আক্তার জলি।