২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে বুয়েট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা

অবিলম্বে বুয়েট খুলে দেওয়া এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে যথাশীঘ্র প্রস্তুতিকালীন ছুটিসহ পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীদের অভিভাবকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 03:32 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভিভাবক পরিষদের বুয়েট ইউনিটের অভিভাবকরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক নুরজাহান বেগম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটে সন্ত্রাসীদের গুলিতে নিহত সনির বাবা হাবিবুর রহমান ভুঁইয়া, নাগরিক সমাজের শিক্ষা বিষয়ক সম্পাদক কবি নাহিদ রোকসানা প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, সমস্যার সমাধান না করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বুয়েট কর্তৃপক্ষের একটি ব্যাধিতে পরিণত হয়েছে। যা নিজেদের ব্যর্থতা ঢাকার একটি অপকৌশল। এতে আরো বলা হয়, এক সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য কিছু শিক্ষার্থীর দাবি এবং পরীক্ষা না পেছানোর ব্যাপারে কর্তৃপক্ষের কঠোর মনোভাব, এর ফলে সংঘর্ষ, ভাংচুর এবং পরবর্তীতে বুয়েট বন্ধ ঘোষণা - এসবই কর্তৃপক্ষের দায়িত্বহীনতার পরিচয় দেয়। এর ফলে হাজার হাজার শিক্ষার্থীর জীবন বিপর্যস্ত। তাই অতিশীঘ্রই এ অচলাবস্থার অবসান দাবি করেন তারা। 

অভিভাবকরা বুয়েটে সংঘটিত ঘটনার জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান।